মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০অক্টোবর:
টানা ৩ দিন যাবত বিদ্যুত বিচ্ছিন্ন থাকার প্রতিবাদে শনিবার সকালে মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে বিক্ষুব্ধ জনতা দোকান-পাট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং মেহেরপুর-মহাজনপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। জানা গেছে, মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির একটি পোল ভেঙে যাওয়ায় ৩ দিন ধরে ওই গ্রামে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকে। গ্রামবাসী ওই ঘটনায় মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতিকে অভিযোগ দেয়ার পরও কোন কাজ না হওয়ায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়। তারা শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কোমরপুর বাজারে দোকান-পাট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং মেহেরপুর-মহাজনপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে দ্রুত বিদ্যুত সংযোগ পুনঃস্থানের আশ্বাস দিলে তারা বিক্ষোভ বন্ধ করে দোকান-পাট খোলে।