মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর নাওগাড়ার মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে মুজিবনগর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি সুঠাম দেহের অধিকারী। তার পরনে ছিল মেরুন রঙের প্যান্ট ও নীল রঙের ফুলহাতা গেঞ্জি। মুখে হালকা দাড়ি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দারিয়াপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে জমির মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। দারিয়াপুর গ্রামের আকবর আলীর ধানিজমির পশ্চিম পাশে জমে থাকা হাঁটু পানির মধ্যে মরদেহটি পড়ে ছিল। মরদেহের তিন-চার হাত দূরে মাছ ধরার বৃত্তির ওপর দুটি কাগজে বেশ কয়েকটি মোবাইল নম্বর এবং একটি সাদা কাগজের ওপর মাদকসদৃশ কিছু পাওয়া গেছে।
ঘটনাস্থলটি মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মাঝামাঝি তেপান্তরের মাঠে অবস্থিত। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
মরদেহের পাশে পাওয়া মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করে নীলফামারী ও ভোলাসহ বিভিন্ন এলাকার ঠিকানা পাওয়া গেছে বলে জানা গেছে।
স্থানীয়দের ধারণা, ভারত থেকে পুশব্যাক হয়ে আসার সময় ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয়। ঘটনার পর মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে দারিয়াপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।