মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ডিসেম্বর: ভূয়া সনদ দেখিয়ে ও বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নজান সুফিয়ানের ভাতিজা পরিচয় দিয়ে মুজিবনগরের পলী এলাকা থেকে অভিনব কায়দায় প্রায় এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। স্থানীয় কতিপয় যুবক তাদের চ্যালেঞ্জ করলে তথ্য মন্ত্রণালয়ের সনদ দেখানোর নাম করে তারা সটকে পড়ে। জানা যায়, মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ও বাগোয়ান ইউনিয়নে প্রতারনা শেষে ৫ সদস্যের এক দল যুবক রোরবার উপজেলার মহাজনপুর ইউনিয়নে আসে। তারা ইউপি চেয়ারম্যান মনোয়ারা বাবলুকে ভুল বুঝিয়ে তার কাছ থেকে অনুমতি নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান নেয়। প্রতারক চক্র প্রতি বাড়িতে নেম পেট করে দেয়ার নামে ৫০/- (পঞ্চাশ) টাকা হারে চাঁদা আদায় করে। এ ভাবে তারা মোনাখালী, বাগোয়ান ও মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৮০/৯০ হাজার টাকায় আদায় করে। সোমবার দুপুরের মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের কতিপয় যুবক তাদের চ্যালেঞ্জ করলে তারা জানায়, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সনদ তাদের কাছে আছে। ৫ সদস্যের প্রতারক চক্রের সদস্য স্বপন জানায়, সে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নজান সুফিয়ানের ভাতিজা। প্রতারক চক্রের আরও দু’সদস্যের নাম রাসেল ও হুমায়ূন। তারা সনদ পত্র দেখাবার নামে স্থানীয় যুবকদের মহাজনপুর ইউপি কার্যালয়ে যেতে বলে। যুবকরা বিকেলে ওই স্থানে যাবার আগেই প্রতারক চক্র সটকে পড়ে। এদিকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলে জানা যায়, এ ধরনের কোন সার্কুলার সরকারের পক্ষ থেকে তাদেরকে দেয়া হয় নাই। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মহাজনপুর ইউপি’র ৮ নং ওয়ার্ডে মাইকিং করে প্রতারকদের প্রতারনার শিকার না হতে সাবধান করাহয়।