মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ডিসেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর মাঠে ভারত থেকে আনা ১২ টি গরু ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় তাদের প্রতিরোধ করতে গেলে ২ গরু ব্যবসায়ীকে ছিনতাইকারীরা কুপিয়ে জখম করে। আহতরা হলো, একই গ্রামের করিম দফাদারের ছেলে কলিম উদ্দীন এবং ইছাখালী গ্রামের মিলন। আহতদের মধ্যে কলিম উদ্দিন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত গরু ব্যাবসায়ী কলিম উদ্দিন জানান, আজ রোববার ভোরে ১৭/১৮ জন গরু ব্যাবসায়ী বেশ কিছু গরু ভারত থেকে এনে দারিয়াপুর বিজিবি ক্যাম্পে করিডোর করার জন্য আসছিলো। এসময় পুরন্দর মাঠে একদল অস্ত্রধারী ছিনতাইকারী তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হামলা থেকে বাঁচতে অপর গরু ব্যবসায়ীরা কেউ গরু নিয়ে কেউবা খালি হাতে পালিয়ে বাঁচে। পরে ছিনতাইকারীরা তাদের উপর হামলা চালিয়ে ১২ টি গরু ছিনতাই করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।