বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের মানুষগুলো আমার মানসপটে সযত্নে থাকবে আজীবন– নির্বাহী অফিসার সুজন সরকার

By মেহেরপুর নিউজ

September 11, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার মুজিবনগর থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে বলেছেন, যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য মহান মুক্তিযুদ্ধের পূণ্যভূমি মুজিবনগর উপজেলা থেকে বিদায় নিচ্ছি। মনে হচ্ছে, আমি আমার জীবনের সেরা সময়টা মুজিবনগরবাসীর সাথে এখানে রেখে গেলাম।

তিনি বলেন এজনপদের অবারিত সবুজ মাঠ, সীমের ফুল, সরষের ক্ষেত, বিস্তীর্ন আমবাগান আর মুজিবনগর উপজেলার ভালোবাসার মানুষগুলো আমার মানসপটে সযত্নে থাকবে আজীবন। সুজন সরকার বলেন আমি ২ বছর ২৮ দিনের এই পথ চলায় আমার প্রতি অবিচল আস্থা রাখার জন্য হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা জানাচ্ছি মেহেরপুর জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান স্যারের প্রতি, যাঁর দক্ষ নেতত্ব ও অসীম কর্মচাঞ্চল্য আমার পথচলাকে মসৃণ করেছে।

তিনি কৃতজ্ঞচিত্তে বলেন কৃতজ্ঞতা জানাচ্ছি নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দসহ আপামর জনসাধারণকে, যারা আমার সকল কাজের নিবিড় অংশীদার হয়ে উঠেছিলেন। জনমূখী জনপ্রশাসন নিশ্চিতকল্পে সরকারি সেবা প্রদানে শতভাগ আন্তরিকতা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। তারপরও আমি নিজের অজান্তে যদি কারো কষ্টের কারণ হয়ে থাকি, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি।ভালো থাকবেন সবাই।