মেহেরপুর নিউজ:মেহেরপুরের মুজিবনগর উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে সুফিয়া খাতুন (৬০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের পাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঘটনাটিকে কেন্দ্র করে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত সুফিয়া খাতুন ওই গ্রামের খেদের আলীর স্ত্রী।
পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল খেদের আলীর ভাই আখের আলীর সঙ্গে। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
নিহতের স্বামী খেদের আলী বলেন, তিনি সকালে মাঠে কাজ করতে যান এবং সে সময় তার স্ত্রী ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে বাড়ি ফিরে তিনি স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং আশপাশে রক্ত ছড়িয়ে থাকতে দেখেন।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।