মেহেরপুর নিউজঃ দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি মশক নিধনের লক্ষ্যে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হয়। এ সময় মুজিবনগর উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মুজিবনগর উপজেলার সকল ইউনিয়নেও একযোগে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।