বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে দোকান ঘর জামানতের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

June 16, 2022

মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুর জেলা পরিষদের দোকান ঘরের জামানতের টাকা আত্মসাতের অভিযোগে কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুব উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের ব্যবসায়ীগন।

বৃহস্পতিবার সকাল ১১ টার সময় মুজিবনগর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কেদারগঞ্জ বাজারের ব্যবসায়ীরা।

জানাযায়, মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে মেহেরপুর জেলা পরিষদ কর্তৃক যে দোকান ঘর তৈরি করা হয়েছে তার জমানত হিসাবে এবং দোকান পাইয়ে দেওয়ার জন্য জেলা পরিষদের নামে দোকানদারদের কাছ থেকে নগদ অর্থ নিয়েছেন কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুব উদ্দিন। কিন্তু কুতুব উদ্দিন জমানতের  অর্থ জেলা পরিষদে জমা না দিয়ে নিজে আত্মসাত করেছে বলে দাবী করা হয় মানববন্ধনে ।

মানববন্ধন থেকে ব্যবসায়ীরা দাবী করেছেন কুতুব উদ্দিনকে ব্যবসায়ীদের কাছে থেকে নেওয়া সব অর্থ ফেরত দিতে হবে।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন হার্ডওয়ার ব্যবসায়ী শহিদুল ইসলাম, আনারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মল্লিক , মুদি ব্যবসায়ী শাহীন আলী , তুহিন আলীসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন ।

মানববন্ধন শেষে কেদারগঞ্জ বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীগন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের কাছে টাকা আত্মসাৎকারী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুব উদ্দিন মল্লিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পত্র জমা দেন।