মেহেরপুর নিউজঃ সরকারি নির্দেশনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য ভোক্তাদের নিকট সহনীয় পর্যায়ে রাখতে মুজিবনগর উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেনের নেতৃত্বে উপজেলার কেদারগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় সবজি ও মাছের বাজারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি করা হয়। খুচরা পর্যায়ে কাঁচকলা, বেগুন, কাঁচা মরিচ, শসা, বেসন, ছোলার ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, লেবু, মাছ, মুরগির মাংস ও খাসির মাংসসহ বিভিন্ন পণ্যের মূল্য যাচাই করা হয়। অভিযানকালে অধিকাংশ দোকানিকে ক্রয়-বিক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ, ট্রেড লাইসেন্স নবায়ন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই’র একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের নেতৃত্বে হোটেল বাজার এলাকায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারায় ৪টি পৃথক মামলায় মোট ৪ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।