বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে বিরোধপূর্ণ জমির বেড়া ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

By Meherpur News

May 28, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে বিরোধপূর্ণ একটি জমির বেড়া ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— মোনাখালী গ্রামের সোবহান আলীর ছেলে ভনা মোল্লা (৫০), কাদের আলীর ছেলে কাওসার আলী (৬০), রেজাউল সরদারের ছেলে আকবর আলী (৬০), দুখু মিয়া (৪৫), দুর্লভ হোসেন (৫০), ইমদাদুল হক (৫২) এবং তাকবির আলী (৬৫)।

আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আকবর আলী, দুর্লভ হোসেন ও তাকবির আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতে বিচারাধীন একটি জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে ভনা মোল্লা ও আকবর আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হন।