মেহেরপুর নিউজঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পরপরই সারাদেশের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়।
জাতীয় এ কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। পরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা।