বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

By Meherpur News

May 20, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে বেশি দামে সার বিক্রি এবং অবৈধভাবে লাইসেন্স ছাড়া গ্যাস সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন পণ্যের তদারকি করা হয়। এ সময় আনারুল অটো মোবাইল নামের প্রতিষ্ঠানে বেশি দামে সার বিক্রি এবং অবৈধভাবে লাইসেন্স ছাড়া গ্যাস সংরক্ষণ ও বিক্রয়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক মো. আনারুল ইসলামের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য, ওষুধ ও বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ এবং জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।