মেহেরপুর নিউজ : “আমার প্রতিজ্ঞা, আমার প্রতিশ্রুতি” শীর্ষক শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, ছবি অংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার মেহেরপুর সিডিপি বল্লভপুরের নিজস্ব অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার মো. মাহামুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সেলিম রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন সিডিপি মেহেরপুরের প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমা, সিডিপি প্রোগ্রামের অফিসার অসিম রেমা এবং যুব প্রতিনিধি মো. সজীব হোসেন।
অনুষ্ঠানে “আমার প্রতিজ্ঞা, আমার প্রতিশ্রুতি” বিষয়ে শপথ পাঠ করান বিওয়াইএফসি, মুজিবনগরের প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল।
বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা শিশুদের আত্মরক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি, নিজেকে বোঝা এবং নৈতিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। একই সঙ্গে শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে আয়োজিত ছবি অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গণস্বাক্ষরে অংশ নেন।