মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে সার পাচারের সময় স্থানীয় জনতার হাতে সারবোঝাই একটি গাড়ি আটক হয়েছে। এ ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্ট সার ডিলারকে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, দারিয়াপুর গ্রামের বিসিআইসি অনুমোদিত সার ডিলার ফয়সাল ট্রেডার্সের গোডাউন থেকে সার পাচারের সময় স্থানীয় জনতা গাড়িভর্তি সার আটক করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্থানীয়দের দাবি, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যেন কোনোভাবেই অবৈধভাবে পাচার না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।