মেহেরপুর নিউজ,১৬ আগষ্ট:
বাড়ির জমিতে সীমানা পিলার দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে চাচা ভাতিজাসহ ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তোফাজ্জেল ও তার ভাতিজা মিয়ারুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের দুজনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিন জানিয়েছেন।
জানা গেছে, রোববার বিকালের দিকে শিবপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে তোফাজ্জেল তার বাড়ির পাশে সীমানা পিলার দেয়ার কাজ করছিলো । ওই সময় তার ভাই রহমানের ছেলে মিয়ারুল তাতে বাঁধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মিয়ারুল তার চাচার পেটে ছুরিকাঘাত করে। এ সময় সংঘর্ষ বেধে গেলে মিয়ারুলকে কুপিয়ে জখম করে তোফাজ্জেলের ছেলে নাজমুল। এ ঘটনায় সে সামান্য আহত হয়। পরে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তোফাজ্জেল ও মিয়ারুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে হাসপাতালের চিকিৎসক।
এদিকে, খবর পেয়ে মেহেরপুরের সহকারী পুলিশ সুপার মোসস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। পরিস্থিত মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।