বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী  মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 06, 2022

মেহেরপুর নিউজ:

“উদ্ভাবনী জয়োল্লাস স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যের আলোকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা পর্যায়ে “ডিজিটাল  উদ্ভাবনী  মেলা ২০২২” আয়োজন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল  ১১টায় উপজেলা পর্যায়ে “ডিজিটাল উদ্ভাবনী মেলা” সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে  প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে  সভায় উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক শেখ শফিউদ্দিন, সময়ের সমীকরণের উপজেলা প্রতিনিধি সোহাগ মন্ডল, দৈনিক অধিকারের উপজেলা প্রতিনিধি শাকিল আহমেদ, আকাশ খবরের স্টাফ রিপোর্টার আব্দুল খালেক, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি হাসান মোস্তাফিজুর রহমান ও মেহেরপুর নিউজের মুজিবনগর উপজেলা প্রতিনিধি ডালিম সানোয়ার প্রমূখ।

ডিজিটাল মেলার সভাপতি  উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ১০ নভেম্বর মুজিবনগর উপজেলা ডিজিটাল মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে গতবারের চেয়ে আরো কিভাবে সুন্দরভাবে পালন করা যায়, সে ব্যাপারে সকলকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

অনিমেষ বিশ্বাস বলেন, বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করার জন্যই এই মেলার আয়োজন করা হচ্ছে। ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি । দিনব্যাপী এই মেলায় চারটি প্যাভিলিয়ন থাকবে। অনুষ্ঠান সূচিতে থাকবে প্রকল্প উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা ,সাংস্কৃতিক অনুষ্ঠান, সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এই প্রত্যয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।