মেহেরপুর নিউজঃ সরকারি নির্দেশনা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য ভোক্তাদের নিকট সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর ও সদর উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
মুজিবনগর উপজেলার দাঁরিয়াপুর বাজার এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আরাফাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সবজি ও মাছের বাজারসহ খুচরা পর্যায়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে তদারকি করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে প্রদর্শন না করায় ২ জন ব্যবসায়ীকে ২টি মামলায় মোট ১,৩০০ (এক হাজার তিনশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের নেতৃত্বে সদর উপজেলার বারাদি বাজার এলাকায় পৃথকভাবে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় সবজি ও মাছের বাজারে খুচরা পর্যায়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।