টপ নিউজ

মুজিবনগর- টুঙ্গীপাড়া বাস সার্ভিস উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

March 15, 2021

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ চালু হতে যাচ্ছে মুজিবনগর টুংগীপাড়া বিআরটিসি বাস সার্ভিস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন বিষয়ে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মিনসুর আলম খান।

সোমবার বিকেল মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে মেহেরপুরের জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান সাংবাদিকদের উদ্দেশে বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, এ জাতির ভাগ্য পরিবর্তনের রূপকার, বিগত ও অনাগত দিনের সকল বাঙ্গালীর জন্য অনুকরণীয় আদর্শ ও এ দেশের নাগরিকদের দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রেরণাদানকারী। মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ ২০২১ তারিখে মুজিবনগর টুংগীপাড়া বিআরটিসি বাস সার্ভিস চালু হচ্ছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবর স্থান এবং জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের সমাধিকে ধারণ করছে। মুজিবনগর স্বাধীনতার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান। ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এই দুটি স্থান মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। স্বাভাবিকভাবেই এই দুটি স্থানের মধ্যে সহজ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত আকাঙ্ক্ষিত।

বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় পরিবহণ বিআরটিসি বাস সার্ভিস চালুর মাধ্যমে এই দুটি স্থানের মধ্যে সরাসরি যোগাযোগ চালু হতে যাচ্ছে। জাতির ইতিহাস ও ঐতিহ্য মন্ডিত দুটি স্থানের মধ্যে সরাসরি যোগাযোগ মানুষকে দুটি স্থান ভ্রমণের আরও উৎসাহ যোগাবে। এতে দেশপ্রেম ও সচেতনতা বৃদ্ধি পাবে যা উন্নত দেশ গঠনে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরো বলেন অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের উন্নতি হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষে দেশের এই অর্জন এক বিরাট গৌরবের এবং আনন্দের।

জেলা প্রশাসক বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এই অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন। এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।