টপ নিউজ

মুজিবনগর সীমান্তে ৬ বাংলাদেশি পুশব্যাক

By মেহেরপুর নিউজ

June 13, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ । রবিবার সকালের দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ওই ৬ নাগরিককে পুশব্যাক করা হয়।

জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নতুন ১৯ বিঘা গ্রামের আবু সাঈদের ছেলে রুবেল হোসেন(২৬), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে শফিকুল ইসলাম(২৭),নওগাঁ জেলার সাপাহার উপজেলা কলমিডাঙ্গা গ্রামের ইসলাম আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৪),তার ভাই রমজান আলী(২৭),সুনামগঞ্জ জেলার বনগ্রাম উপজেলার বনগ্রাম গ্রামের জামাল উদ্দিনের ছেলে নুরুল আমিন(৩৫) এবং দিনাজপুর কোতোয়ালি থানার সাইদুর রহমানের ছেলে রাজু আহমেদ(২৭) বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার পর সেখানে পুলিশের হাতে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। কারাভোগ শেষে তাদের সীমান্ত এলাকায় জড়ো করা হয়।

রবিবার সকালের দিকে ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ৮১ পাথরঘাটা বিএসএফ সদস্যরা পাথরঘাটা সীমান্ত দিয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রাম দিয়ে তাদেরকে পুশ ব্যাক করেন। পরে ওই ছয় ব্যক্তি মেহেরপুর শহরে প্রবেশ করে তারা বিআরটিসি যোগে রাজশাহী যাওয়ার জন্য রওনা দেন।

বিআরটিসি চালক বিষয়টি বুঝতে পেরে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। পরে তেরাইলের স্থানীয় ব্যক্তিরা নিজেদের মধ্যে চাঁদা তুলে ওই ছয় ব্যক্তিকে নিজ নিজ গন্তব্যে যাওয়ার সুযোগ করে দেয় বলে জানা গেছে। এব্যাপারে মেহেরপুর পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান বিষয়টি আমরা শুনেছি।

তিনি বলেন এই পরিস্থিতিতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করা খুবই ঝুঁকিপূর্ণ। এব্যাপারে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি শোনেননি বলে জানান।