বর্তমান পরিপ্রেক্ষিত

মেঘলা আকাশ আর বৃষ্টিতে ম্লান মেহেরপুরের ঈদের আনন্দ

By Meherpur News

March 21, 2026

মেহেরপুর নিউজঃ দিনভর মেঘলা আকাশ, বিকেলে মুষলধারে বৃষ্টি—সব মিলিয়ে মেহেরপুরে ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। শুক্রবার রাত থেকেই জেলাজুড়ে বৃষ্টিপাত শুরু হয়, যা ঈদের দিনও অব্যাহত থাকে।

সকালে মেঘলা আকাশ ও ভেজা পরিবেশের কারণে জেলার অধিকাংশ এলাকায় ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে অনেকেই স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাইরে ঘোরাঘুরির প্রস্তুতি নিলেও আবহাওয়ার বৈরিতার কারণে অনেকে বাড়ি থেকেই বের হতে পারেননি।

বসন্তের শেষ বিকেলে যখন মানুষ নতুন পোশাকে সেজে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে করে ঈদের দিনের স্বাভাবিক আনন্দ-উচ্ছ্বাস অনেকটাই ম্লান হয়ে যায়।

বিকেলের প্রবল বৃষ্টিপাতের সময় মেহেরপুরের প্রধান সড়কগুলো প্রায় জনশূন্য হয়ে পড়ে, কমে যায় মানুষের চলাচল। আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে এবারের ঈদে বাইরে ঘোরাঘুরি ও আনন্দ উদযাপন সীমিত হয়ে পড়ে।