লিওনেল মেসির রেকর্ড গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।
সর্বকালের সেরা ফুটবলার হিসেবে সর্বত্র সমাদৃত মেসি ৩৮ মিনিটে তার ট্রের্ডমার্ক বাম পায়ের শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এই গোলের মাধ্যমে জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ গোলের নতুন রেকর্ড গড়েন। এর আগে প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। ঐ ম্যাচে মেসি হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন। আজ সেই রেকর্ডকে ছাড়িয়ে গেলেন মেসি। বাসস
ইনজুরি টাইমে বক্সের মধ্যে থেকে দারুন এক গোলে ব্যবধান দ্বিগুন করেছেন ৩৮ বছর বয়সী মেসি। চার ডিফেন্ডারের মধ্যে থেকে তিনি বল জালে জড়ান।
এর আগে ম্যাচের শুরুতে মেসি পেনাল্টির সুযোগ হাতছাড়া করেন। ডালাসে ৭০ হাজারেরও বেশী সমর্থকের উপস্থিতিতে মেসি শুরুতে যে ভুল করেছিলেন তা পুষিয়ে দিয়েছেন পরের দুই গোল করে। দুই দলের সামনেই সুযোগ ছিল এই ম্যাচে জয়ী হয়ে এক ম্যাচ হাতে রেখে পরের রাউন্ড নিশ্চিত করা। যা পুরোপুরি কাজে লাগিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
৯ মিনিটে লটারো মার্টিনেজকে বক্সের ভিতর দুজন অস্ট্রিয়ান ডিফেন্ডার ফাউল করলে রেফারি আমিন মোহাম্মদ ভিএআর এর সহায়তায় পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে ধীরে দৌড়ে এসে মেসির দূর্বল শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পেনাল্টি শটের দিক থেকে বিবেচনা করলে মেসির রেকর্ড মোটেই সুখকর নয়। ২০২২ সালে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচেও মেসির পেনাল্টির শট রুখে দিয়েছিলেন ওজিচে সিজিসনি।
১৯ মিনিটে মেসির একক প্রচেষ্টা অস্ট্রিয়ান অধিনায়ক ডেভিড আলাবা শেষ মুহূর্তে রুখে দেন। ৩০ মিনিটে আবারও মেসিকে হতাশ করেন আলাবা। গোলরক্ষক আলেক্সান্দার শালগারের সহায়তায় আলাবা মেসির শট ব্লক করেন।
জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা রাল্ফ রাংনিকের অস্ট্রিয়া এরপর পিছু হঠতে বাধ্য হয়। প্রথমার্ধে তারা একটি শটও টার্গেটে করতে পারেনি।
৩৮ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত ক্ষণ। ফাকুন্ডো মেডিনার বলে থিয়াগো আলমাডার দারুন এ্যাসিস্টে মেসি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। সুপার হিরোর এই কৃতিত্বে আর্জেন্টাইন সমর্থকরা উচ্ছাসে ভেসে ওঠে।
দ্বিতীয়ার্ধে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা মোটেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। উল্লেখ করার মত কোন সুযোগই আর্জেন্টিনা তৈরী করতে পারেনি। এই সুযোগ অস্ট্রিয়াও কাজে লাগাতে পারেনি। পুরো ম্যাচে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে তারা মাত্র একবার বিপদে ফেলেছিল।
শেষ পর্যন্ত যোগ হওয়া সময়ের একেবারে শেষ মুহূর্তে মেসি একক প্রচেষ্টায় দুর্দান্ত গোলে নিজের রেকর্ডকে সমৃদ্ধ করেছেন।