বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরি ইমপ্যাক্ট ফাউন্ডেশনে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা মেলা অনুষ্ঠিত

By Meherpur News

May 18, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরি ইমপ্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে পিঠা মেলার আয়োজন করা হয়েছে। সোমবার ইমপ্যাক্ট ফাউন্ডেশন প্রাঙ্গণে দিনব্যাপী এ পিঠা মেলা অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধন করেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামীণ বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে পিঠা মেলার মতো আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক শফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। তারা আয়োজনে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মেলায় বিভিন্ন স্টলে ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই, দুধপুলি, পাকান পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা স্থান পায়। আগত অতিথি ও দর্শনার্থীরা পিঠার স্বাদ গ্রহণের পাশাপাশি গ্রামীণ বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

আয়োজকরা জানান, বাঙালির হারিয়ে যেতে বসা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই এ পিঠা মেলার আয়োজন করা হয়েছে।