মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় থেকে অপহরণের ৫ ঘন্টা পর অবশেষে অচেতন অবস্থায় বন্দর গ্রামের এক কলাবাগান থেকে উদ্ধার করা হয় অপহৃত মোটর শ্রমিক হাবিবুর রহমানকে। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জ্ঞান ফিরে আসে।
সোমবার সকাল ১১টার দিকে আমঝুপি গুচ্ছ গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মোটর শ্রমিক হাবিবুর রহমানকে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে নির্যাতন শেষে অচেতন অবস্থায় বন্দর গ্রামের ভৈরব নদের পাড়ের একটি কলাবাগানে ফেলে রেখে যায় অপহরণকারীরা । পরে স্থানীয় লোকজন বিকাল সাড়ে ৪ টার দিকে তাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।
হাবিবুর জানায়, ঈদের আগে অজ্ঞাত পরিচয়ে তার মোবা্ইল ফোনে ফোন করে তার কাছে ১ লক্ষ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সে ধারনা করছে, এই কারনে তাকে চাঁদাবাজরা অপহরণ করতে পারে।