মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার ডাকাতির প্রস্তুতিকালে সাহারবাটি গ্রাম থেকে ১ টি ১ নালা বন্দুক ও ২ টি দেশীয় তৈরী ধারালো তরবারীসহ দু’ডাকাতকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন, আয়েচ উদ্ধীন (২৭) ও হাফিজুল ইসলাম (৩৪)। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লে. সাজ্জাদ জানান,আটকৃতরা আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। র্যাব জানায়,সোমবার দিবাগত মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালায়। সাহারবাটি গ্রামের নুর ইসলামের ছেলে মহাসিন আলীর নির্মণাধীন একটি পাকা বাড়ির ভিতরে ওই সময় বসে ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। র্যাব সদস্যরা হানা দিয়ে ১ টি ১ নালা বন্দুক ও ২ টি দেশীয় তৈরী ধারালো তরবারীসহ গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের রেহান উদ্দীনের ছেলে আয়েচ উদ্ধীন এবং একই গ্রামের আজাহার আলীর ছেলে হাফিজুল ইসলামকে আটক করে। গাংনী থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, আয়েচ উদ্দীনের নামে বিস্ফোরক আইনে গাংনী থানায় একটি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবৎ ভারতে পালিয়ে ছিল।