মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্ট: মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বাজারে পুলিশের টহলদলের ওপর বোমা হামলা করেছে সন্ত্রাসীরা। নিক্ষিপ্ত বোমায় সামান্য আহত হয়েছেন একরাম হোসেন (৩০) নামে গাংনী পীরতলা ক্যাম্প পুলিশের এক কনস্টেবল । আহত একরামকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দেওয়া হয়েছে। হামলার পরপরই ঘটনাস্থল থেকে একটি তাঁজা বোমা সহ হামলা দলের দলনেতা উপজেলার কাজীপুর গ্রামের আবুবকরের ছেলে নাসিরউদ্দিন (৩৫) তাড়িয়ে ধরে টহলপুলিশ।বর্তমানে সে গাংনী থানার পীরতলা পুলিশ ক্যাম্পে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক জানান, আজ মঙ্গলবার ভোর ৪ টার দিকে পীরতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পাইক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহলদল সাহেবনগর বাজারে টহল দিচ্ছিল। এসময় পুলিশকে লক্ষ করে সন্ত্রাসীরা একটি বোমা ছুড়ে মারে। বিস্ফোরিত বোমায় কনস্টেবল একরাম সামান্য আঘাত পান। আজ সকাল ৯টার দিকে মেহেরপুর পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী ও অতিরিক্ত পুলিশ সুপার মুক্তার হোসেন ঘটনস্থল পরিদর্শনে যান। বেলা সোয়া ১২ টা পর্যন্ত প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।