মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ এপ্রিল: মেহেরপুরের গাংনীতে নিখোঁজ শহর ছাত্রলীগ নেতা বদীউজ্জামানকে উদ্ধারের দাবিতে গাংনী থানা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জনতা। সমাবেশে বক্তারা নিখোঁজ বদীকে উদ্ধারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।বক্তারা বলেন, গাংনী শহর ছাত্রলীগ নেতা বদীউজ্জামানকে গুম করার ঘটনায় মামলা গ্রহণসহ প্রধান হোতা আশরাফুলকে অবিলম্বে আটক করতে হবে। গাংনী থানা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ খালেক, মোশাররফ হোসেন, গোলাম মোস্তফা, ফজলুল হক, কমিশনার আব্দুল্লাহিল মারুফ পলাশ, মহিলা কমিশনার রওশানার বেগম, বদীউজ্জামানের মা মছিরন নেছা প্রমূখ। উল্লেখ্য, ২২ এপ্রিল ছাত্রলীগ নেতা বদীউজ্জামানকে গাংনী শহরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সাদা পোশাকে অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তি প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।