তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে। আহতরা হলো কাজিপুর গ্রামের খন্দকার পাড়ার রেজাউল হকের স্ত্রী রোকশানারা (৫৫) এবং মেয়ে রুলিয়া খাতুন (২৩)। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রুলিয়া খাতুন জানান, তিন বিঘা জমি নিয়ে চাচা হাশেম আলীর সাথে বেশ কয়েক বছর ধরে তাদের বিরোধ চলে আসছে। সকালে চাচাতো ভাই সাহান আলী বিরোধপূর্ণ জমিতে ঘর তৈরী করছে এমন সংবাদে সেখানে বাবা রেজাউল হক উপস্থিত হয়। তিনি বাড়ীর প্রবেশ পথে ঘর তৈরী করতে বাধা প্রদান করেন। এতে রাগান্বিত হয়ে আমার বাবাকে মারার জন্য উদ্ধত হয়।
আমার মা ও আমি ঠেকাতে গেলে আমাদেরকে আঃ হাশেমের ছেলে পিয়ার আলী, সাহান আলী, পিয়ার আলীর স্ত্রী মর্জিনা খাতুন, সাহান আলীর স্ত্রী মৌসুমী খাতুন এবং মৃত জেহের আলীর ছেলে আঃ হাশেম মাটিতে ফেলে কিল ঘুসি, বাঁশের লাঠি ও ইট দিয়ে মেরে রক্তাত্ত জখম করে। প্রতিপক্ষ পিয়ার আলীর স্ত্রী মর্জিনা খাতুন জানায়, রুলিয়া ও রোকশানারা আমাকে উদ্দেশ্য করে প্রথমে ইট ছুঁড়েছিল। পরে উভয়ের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে রোকশানারা ইটের উপর পড়ে গিয়ে তার মুখে একটু কেটে গেছে তাদেরকে আমরা কেউ আঘাত করি নাই।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।