বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে মহান বিজয় দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 16, 2019

গাংনী প্রতিনিধি:

সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।  সোমবার এ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, রাজনৈতিক ও অংগ সংগঠন, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।  উপজেলা পরিষদ শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের উদ্দেশ্যে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পামাল্য অর্পণ করা হয়।

পরে গাংনী থানা পুলিশ বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও অংগ সংগঠন, এনজিও এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পামাল্য অর্পণ করে।

সকাল ৯ টার দিকে আনুষ্ঠানিকভাবে গাংনী পাইলট মাধ্যমিক ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ, আনসার ভিডিপি, রোভার স্কাউট, গার্লস গাইড, সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন।

তাঁর সাথে অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এবং গাংনী থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান।  বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, বিভিন্ন সংগঠনের ব্যাক্তিবর্গসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধণা এবং ”জাতির পিতার স্বপ্লের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের একাধিক বারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, গাংনী থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলীসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে।