মেহেরপুর নিউজ,২৪ অক্টোবর:
মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়াঘাট গ্রামে আজিজুল হক (৪৫) নামের এক মাছ চাষীকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় বাড়ির পাশে নিজের চাষ করা পুকুর পাহারা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যা শেষে পুকুরের পাশে লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে শনিবার সকালে গাংনীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে হত্যাকান্ডের ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। আজিজুল হকের ছেলে কাউছার আলী বলেন, তার বাবা প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও পুকুর পাহারা দিতে যায়। শনিবার সকালে বাড়ি না ফিরলে পুকুর এলাকায় বাবার সন্ধান করতে গিয়ে তারা জবাই করা লাশ দেখতে পায়। স্থানীয়রা জানায়, আজিজুল হক কর্মসংস্থানের জন্য বারো তেরো বছর বছর বিদেশে ছিল। দু’বছর আগে বাড়ি ফিরে সে কয়েকটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল। বিদেশ যাওয়ার আগে একটি চরমপন্থী দলের সাথে সে কাজ করতো বলে এলাকাবাসী জানায়। মেহেরপুরের পুলিশ সুপার (এস পি) হামিদুল আলম বলেন, বিদেশ যাওয়ার পূর্বে আজিজুল একটি চরমপন্থী দলের সদস্য ছিলো বলে জানা গেছে। তার নামে গাংনী থানায় পূর্বে ২/৩টি মামলাও ছিলো। তবে বিদেশ থেকে আসার পর সে স্বাভাবিক জীবনযাপন করে আসছিলো। তিনি বলেন, প্রাথমিক ধারনা করা হচ্ছে পূর্বের কোনো শত্রুতা থেকে বা মেয়ে ঘটিত কোনো কারণেও এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। এ বিষয়ে খোজখবর নেয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।