মাজেদুল হক,মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৭ আগষ্ট : মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাত দল বোমা হামলা চালিয়ে পালিয়ে গেছে। ডাকাত দলের বোমায় গ্রামের অন্তত ১৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে রাজশাহী ও কুষ্টিয়া হাসপাতালে এবং বাকিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠ পাড়ার মকলেছ উদ্দীনের বাড়িতে ২০/২২ জনের একদল ডাকাত হামলা চালায়। তারা অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকারসহ জিনিসপত্র ডাকাতি করে। মকলেছ ও তার ভাই ইকলাছের হাত-পা বেঁধে মারধর করে ডাকাত দল। তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে। এসময় ডাকাত দল পর পর ৩টি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমাঘাতে মকলেছ ও তার ভাই ইকলাছসহ ১৭ জন আহত হয়। আহতদেরকে রাতেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত আব্দুস সামাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও খেজমত আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।