বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনী উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

By Meherpur News

February 07, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির গাংনী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়, হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরগোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানিকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জল কুমার রায়, ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেকেন্ড ইন কমান্ড (আর্মি ক্যাম্প মেহেরপুর), বিজিবির অধিনায়ক, র‍্যাব কমান্ডার মেহেরপুর, গাংনী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি)।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ কার্যক্রমে ব্যবহৃত উপকরণ সংরক্ষণ, ভোটারদের সুযোগ-সুবিধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ভোটগ্রহণের দিন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি তিনি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।