মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে নিহত হয়েছে মজিবুর রহমান নামের এক রং মিস্ত্রী। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। আহতরা হলেন,শুকুর আলীর ছেলে আমিনুল,ইসহাক এবং আবু তৈয়ব। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। এ বিরোধ দীর্ঘদিনের। পুলিশ ও গ্রামবাসীরা জানান,আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুরের গোভীপুর গ্রামের নাসির ও তার লোকজন আবু তৈয়বের বাগানে জোরপূর্বক গাছ কাঁটতে যায়। এসময় তৈয়বের লোকজন বাঁধা দিলে তাদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে নিহত হয় মজিবুর রহমান নামের একজন। আহত হয় ৩ জন।