মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন:
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে সন্ত্রাসীদের হামলায় এক স্বামী-স্ত্রী মারাত্মক আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, এ দিন ভোরের দিকে চকশ্যামনগর গ্রামের আব্দুল কুদ্দুস ফজরের নামাজ আদায়ের জন্য ওজু করতে বের হলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তার চিৎকারে তার স্ত্রী ওছিলা খাতুন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আহত স্বামী-স্ত্রীকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। হামলার কারণ জানা যায়নি।