বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের চাঞ্চল্যকর পৌর প্যানেল মেয়র রিপন হত্যা মামলার চার্জশীট দাখিল মামলা থেকে মেয়র হাজি মতু’র নাম বাদ।। বাদির নারাজি পিটিশন দাখিল

By মেহেরপুর নিউজ

March 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মার্চ: প্রায় এক বছর পর মেহেরপুরের চাঞ্চল্যকর পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন হত্যা মামলার চার্জশীট দাখিল করা হয়েছে। মামলার এক নং আসামি পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু ও মোমিনকে মামলার চার্জশীট থেকে বাদ দেয়া হয়েছে। মামলার বাদি পক্ষ দাখিলকৃত চার্জশীটের বিরুদ্ধে না রাজি পিটিশন দিয়েছেন। রিপন হত্যার পর প্রায় এক বছর পর গত বুধবার সিআইডি’র তদন্তকারী কর্মকর্তা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার এক নং আসামি পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু ও মোমিনের নাম বাদ দিয়ে চার্জশীট দাখিল করেন। এদিকে চার্জশীট দাখিলের পরপরই মামলার বাদী পক্ষ থেকে ওই চার্জশীটের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছুটিতে থাকায় নারাজি পিটিশনের শুনানী শুরু হয়নি। ফ্লাশ ব্যাক: গত ১ এপ্রিল/২০১১ রাত সাড়ে ৯ টার দিকে মেহেরপুর শহরের প্রধান সড়কে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শহর যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান রিপন নিজ ব্যবসা প্রতিষ্ঠান রাজধানী শপিং সেন্টারে বসে ছিলেন। ওই সময় সন্ত্রাসীরা মিজানুর রহমান রিপনকে লক্ষ্য করে তার ব্যবসা প্রতিষ্ঠানে একটি বোমা নিক্ষেপ করে।

হামলাকারীরা পালিয়ে যাবার সময় ঘটনাস্থল থেকে প্রায় একশ’ গজ দূরে মডার্ন বেকারীর সামনে আরও একটি বোমার বিষ্ফোরণ ঘটায়। বোমার আঘাতে পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন(৩৫), দোকানে থাকা পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ বিন হাশেম ওরফে কামরুজ্জামান (৪৬), দোকান কর্মচারী নয়ন (২৪) ও মিলন (২৫) এবং ঠিকেদার নূরুল ইসলাম(৪৭) আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার আহত রিপনকে ঢাকা এ্যপেলো হাসপাতালে রেফার করেন। ঢাকা এ্যপেলো হাসপাতালের আই সি ইউ-তে ৭ দিন অচেতন থাকার পরে ৮ এপ্রিল রাতে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষনা করেন। প্যানেল মেয়র মিজানুর রহমানের উপর বোমা হামলার ঘটনায় মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল ও অজ্ঞাত কয়েকজনসহ ১০/১২ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় প্যানেল মেয়র রিপনের পিতা আব্দুল হালিম একটি মামলা দায়ের করেন। রিপন হত্যার পর মেহেরপুর থানা  পুলিশ মামলার তদন্ত শুরু করেন। একাধিক তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন শেষে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। সিআইডি চাঞ্চল্যকর ওই মামলার তদন্ত শেষে পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতুর নাম বাদ দিয়ে চার্জশীট দাখিল করেন।