মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় ফাঁসির আদেশের পর ডেথ রেফারেন্স উচ্চ আদালত বা হাইকোর্টের অনুমোদনের পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে কড়া নিরাপত্তা মূলক ব্যবস্থার মধ্য দিয়ে ডেথ রেফারেন্সটি ঢাকায় পাঠানো হয়। ফৌজদারি মামলায় বিচারিক আদালত (যেমন দায়রা জজ বা ট্রাইব্যুনাল) কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে, সেই দণ্ড কার্যকরের জন্য উচ্চ আদালত বা হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী মামলার যাবতীয় নথি হাইকোর্টে পাঠানোর এই আইনি প্রক্রিয়াটিই ‘ডেথ রেফারেন্স’ নামে পরিচিত।
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় শাকিল হোসেন (২১) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৩ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই মামলার রায় কার্যকরের আইনি প্রক্রিয়া হিসেবে ডেথ রেফারেন্সটি মঙ্গলবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উচ্চ আদালতে (হাইকোর্ট) পাঠানো হয়েছে।
গত ২৪ মে দুপুরে মেহেরপুর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন দুপুরে গাংনী উপজেলার চাঁদপুর দক্ষিণপাড়া গ্রামের ৯ বছর বয়সী এক শিশু তার বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে শাকিল হোসেন তাকে কৌশলে ডেকে পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুর কান্নার শব্দ শুনে মাঠে কাজ করা লোকজন এগিয়ে এলে শাকিল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৬) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং ১৯)। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। মামলাটি মাত্র ২৯ কার্যদিবসে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়। দ্রুত বিচার নিশ্চিত করতে মামলার বিচারিক কার্যক্রমে দূরের সাক্ষীদের ভার্চুয়ালি সাক্ষ্য নেওয়া হয়। মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় প্রদান করেন।
বিজ্ঞ আদালত রায়ে উল্লেখ করেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৯(১) ধারায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রায়ে আসামিকে মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত আরও জানান, জরিমানার ৩ লক্ষ টাকা ভুক্তভোগী শিশুর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে। আসামির বর্তমান সম্পত্তি থেকে এই অর্থ আদায় সম্ভব না হলে, ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক হবেন তা থেকে এ ক্ষতিপূরণ আদায়যোগ্য হবে। এক্ষেত্রে অন্যান্য দাবির চেয়ে ক্ষতিপূরণের দাবিকে প্রাধান্য দেওয়া হয়েছে।
ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কোনো আসামির দণ্ড কার্যকরের জন্য উচ্চ আদালতের অনুমোদনের প্রয়োজন হয়। মামলার যাবতীয় নথি হাইকোর্টে পাঠানোর এই আইনি প্রক্রিয়াটিই ‘ডেথ রেফারেন্স’ নামে পরিচিত। সেই প্রক্রিয়া মেনেই মঙ্গলবার নথিগুলো ঢাকায় পাঠানো হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে কৌশলী ছিলেন মুস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। রায় ঘোষণার সময় আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রায় শোনার পর আসামি শাকিলকে বিমর্ষ দেখাচ্ছিল।