বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের জেলা প্রশাসকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

By মেহেরপুর নিউজ

May 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এক প্রতিবন্ধীর হুইল চেয়ার ঠেলে আদালতে পৌঁছে দিয়ে  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে যেখানে জেলা প্রশাসকের গাড়ি রাখার স্থানে এঘটনা ঘটে। জেলা প্রশাসক তখন অন্য একটি অনুষ্ঠানে। গাড়ি রাখার স্থানটি ফাঁকা দেখেই আইয়ুব হোসেন নামের এক প্রতিবন্ধী হুইল চেয়ারে বসে সেখানে অবস্থান করছেন। জেলা প্রশাসকের গাড়ি রাখার স্থানে ঐ ব্যক্তিকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে গাড়ি চালককে নির্দেশনা দিলেন  গাড়িটি অন্যপাশে রাখতে।

পরে জেলা প্রশাসক অন্যপ্রান্তে নেমে পায়ে হেঁটে এসে প্রতিবন্ধী আইয়ুব হোসেনকে জিজ্ঞাসা করলেন, এখানে কি করছেন? জানাতেই তিনি বললেন, মামলার দিন রয়েছে। সে উদ্দেশ্যেই আশা। তিনি কোর্টে এসেছেন এবং তার সাথে কেউ নেই, একমাত্র ভরসা এই হুইল চেয়ার। তৎক্ষণাৎ জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম নিজেই তাঁকে আদলতে পর্যন্ত পৌঁছে দিলেন। আর সেই সাথে নির্দেশনা দিলেন সবার আগে আগত সেবা গ্রহীতার শুনানি করে অফিসের কর্মচারী দিয়ে ঠিকমত তাঁকে নির্ধারিত জায়গায় পৌঁছানোর ব্যাবস্থা নেয়ার জন্য। জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে নির্ধারিত সময় বেলা বারোটার বেশ পূর্বেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হয় ।  আইয়ুব হোসেনের মামলাটি প্রথমেই শুনানি শেষ করেন এবং পরবর্তী দিন ধার্য করে তাকে তার নিজ গ্রাম দারিয়াপুরে পৌঁছে দেবার ব্যবস্থা করেন। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম কর্তৃক অনন্য দৃষ্টান্ত স্থাপন উপস্থিত সকলেই প্রশংসা করেন।

জানা গেছে দারিয়াপুর গ্রামের ফুলবাসের ছেলে আইয়ুব হোসেন জমিসংক্রান্ত বিষয় নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আইয়ুব হোসেন জানান, মামলার ধার্য তারিখে নিদারুন কষ্ট করে সকাল বেলায় বাড়ি থেকে বের হয় এবং মামলার কাজ শেষ করে বাড়ি ফিরতে বিকেল হয়ে যায়। কিন্তু আজকের দিনটি ছিল একেবারেই ব্যতিক্রম। আইয়ুব হোসেন বলেন, জায়গাটি ফাঁকা পেয়ে হুইল চেয়ারে বসে ছিলাম। পরে ওই ভদ্রলোক গাড়ি থেকে নেমে আমাকে সঙ্গে করে নিয়ে আদালতে পৌঁছে দিলেন এবং সবার আগে যাতে আমার মামলার কার্যক্রম শুরু করেন তার ব্যবস্থা করে দেন।