মেহেরপুর নিউজঃ সরকারি নির্দেশনা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য ভোক্তাদের নিকট সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে গাংনী, মুজিবনগর ও সদর উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
গাংনী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গাংনী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় সবজি ও ফলের বাজারে খুচরা পর্যায়ে তরমুজ, কাঁচকলা, বেগুন, কাঁচা মরিচ, শসা, বেসন, ছোলার ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, লেবু, মাছসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে তদারকি করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫টি পৃথক মামলায় ৫ জন ব্যবসায়ীকে মোট ২৩ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাত হোসেনের নেতৃত্বে মুজিবনগর উপজেলার দাঁড়িয়াপুর বাজার এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। সবজি ও মাছের বাজারে খুচরা পর্যায়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় পণ্যের মূল্য তালিকা টাঙিয়ে প্রদর্শন না করায় ২টি মামলায় ২ জন ব্যবসায়ীকে মোট ১৩ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের নেতৃত্বে সদর উপজেলার বারাদি বাজার এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সবজি ও মাছের বাজারে খুচরা পর্যায়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে তদারকি করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।