টপ নিউজ

মেহেরপুরের দুই সাংবাদিককে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

December 29, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুরে প্রবীন সাংবাদিক মিজানুর রহমান ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্নাকে বেধড়ক পিটিয়েছে শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল আলম মিথেনের নেতৃত্বে জমি দখল বাহিনী।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় সাংবাদিকরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

মানবকন্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্না জানান, মেহেরপুর সদর উপজেলার পোপালপুর গ্রামে আমার চাচা শ্বশুর আতিয়ার রহমান পিন্টুর জমি। সেই জমির পেছনে জৈনক এক ব্যাক্তির জমি রয়েছে। তিনি সেই জমিতে যাতায়াতের জন্য জোর করে পথ চায়। কিন্তু তিনি সেপথ না দেওয়ায় আজ সকালে মিথেনের নেতৃত্বে সালাম, রিয়াদ, তপন সহ জমি দখল বাহিনী ওখানকার স্থাপনা ভাংচুর করে আসে। এরপর মিথেনের মোবাইল নম্বর থেকে আমার শ্বশুরকে মেহেরপুরে এসে দেখা করতে বলে। আমি ও আমার চাচা শ্বশুর পিন্টু তাদের সাথে দেখা করে বিষয়টা নিয়ে কথা বলি।

এসময় মিথেনের নেতৃত্বে কয়েকজন যুবক আমাদের রাস্তা ছেড়ে দেবার জন্য চাপ দেয়। আমি প্রতিবাদ করলে আমাকে তারা আমাকে বেধড়ক মারধর করে। এর পরে আমরা সেখান থেকে পালিয়ে এসে আমার চাচা সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানকে নিয়ে বড় বাজারে আজিম মেডিকেল হলের সামনে আসলে পুনরায় আশরাফ, শফিকুল সহ ১০/১২ জনের একটি দল আমার চাচা সহ আমাকে আবারও বেধড়ক মারপিট করে। পরে আমি কোন রকমে পালিয়ে স্থানীয় সাংবাদিকদের খবর দিলে তারা ঘটনাস্থলে যেয়ে আমার চাচা সাংবাদিক মিজানুর রহমানকে উদ্ধার করে। পরে মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন ও মেহেরপুরের সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য’র নেতৃত্বে সাংবাদিকদের একটি দল সেখানে বিষয়টি নিয়ে বসে।

পরে অভিযুক্ত মিথেনের ফোন কল ধরে তাকে ডাকা হলে সে দোষ শিকার করে বলেন, আমি অ্যাড. ইমতিয়াজ বিন হারুন জুয়েল ভাইয়ের নির্দেশে ওখানে গিয়েছি। এরকম আমাদের কাছে অনেকজন আসে আমাদের সমাধান করতে হয়।

বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন বলেন, এটা একটা অন্যায় কাজ এভাবে কাউকে মারা ঠিক হয়নি। এর বিচার আমরা করবো।