মেহেরপুর নিউজ,০১ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের ধাক্কায় বর্ষা খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাটোরে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী-কাথুলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু বর্ষা রামকৃষ্ণপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের মিরাজুল ইসলামের মেয়ে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু বর্ষা সকালে বিদ্যালয়ের যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে সে গুরুতর জখম হয়। মোটরসাইকেলের চালক স্থানীয়দের সহযোগীতায় শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দায়িত্বরত চিকিৎসক। পরে বিকাল সাড়ে ৩টার দিকে নাটোরে পৌছালে শিশুটির মৃত্যু হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, মেহেরপুর শহরের যাদপুর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হান্নান (৪৮) নামের এক ব্যাক্তি আহত হয়েছেন। তার বাড়ি শহরের হোটেলবাজার পাড়ায়।