মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন: মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ্জ মোতাছিম বিল্লাহ মতু ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সফুয়ান আহমেদ রূপকের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুস্কৃতকারীরা। নিক্ষিপ্ত বোমায় ছাত্রলীগের সভাপতি রূপকের বসত ঘরের জানালার ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ঘটনাস্থল থেকে স্প্লিন্টার সহ বিস্ফোরিত বোমার বিভিন্ন আলামত উদ্ধার করেছে। বোমা হামলার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাতেই পুলিশ ও র্যাবের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেহেরপুর সদর থানার ওসি জানান, দুস্কৃতকারীরা মেয়রের বাড়িকে লক্ষ্য করে ২ টি এবং জেলা ছাত্রলীগের বাড়িকে লক্ষ্য করে ১ টি বোমা ছুঁড়ে মারে। কেন এবং কি কারণে এ হামলা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
আজ বৃহস্পতিবার ফজরের আযানের পরপরই দুস্কৃতকারীরা প্রথমে শহীদ হামিদ সড়কের জেলা ছাত্রলীগের সভাপতি রূপকের ঘরের জানালা লক্ষ্য করে একটি শক্তিশালী বোমা ছুঁড়ে মারে। এসময় তিনি ঘরে অবস্থান করছিলেন। বোমাটি জানালার গ্রিলে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরপরই পাশে অবস্থানরত পৌর মেয়রের বাড়িকে লক্ষ্য করে আরোও ২ টি বোমা নিক্ষেপ করে তারা। তবে কি কারণে এ হামলা সেটা এখনও জানা যায়নি। হামলার টার্গেট পৌর মেয়র নাকি জেলা সভাপতি সেটাও নিশ্চিত হওয়া যাচ্ছেনা। কারণ পৌর মেয়র এবং জেলা ছাত্রলীগের সভাপতির বাড়ি পাশাপাশি।