মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর: মেহেরপুরের এক প্রতারক আদম ব্যবসায়ি ৪ ব্যক্তিকে সোনার হরিণ ধরতে ভুটান পাঠাবার নামে উধাও হয়েছে। প্রতারক আদম ব্যবসায়ির খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে রাস্তায় বসেছে মেহেরপুর মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের ইয়াজতুলার ছেলে আব্দুল মান্নান, আলীর ছেলে খোকন, জাকের আলীর ছেলে শান্তি ও রবজেলের ছেলে আহম্মদ। ক্ষতিগ্রস্ত ওই ৪ ব্যক্তির অভিযোগ, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের টুঙ্গি গ্রামের গুরুর ছেলে আব্দুর রাজ্জাক মোটা বেতনের চাকরীতে তাদের ভুটান পাঠাবার প্রলোভল দেখায়।
বেকার ওই ৪ যুবক প্রতারক আব্দুর রাজ্জাকের প্রলোভনে পড়ে নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে এক লাখ ৬০ হাজার টাকা করে তার হাতে তুলে দেয়।
গত মাসের ২৫ তারিখে তাদেরকে ভুটানে নিয়ে যাবার নামে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী হিলি বন্দর হয়ে ভারতে নেয়। সেখানে ৪ দিন থাকার পর প্রতারক আব্দুর রাজ্জাক সটকে পড়ে। তারা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসলেও প্রতারক আব্দুর রাজ্জাককে আর খুঁজে পাচ্ছে না। এ ঘটনায় সর্বশান্তরা প্রতারক আদম ব্যবসায়ি আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছে।