মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীতে সুন্দরী নামের এক গৃহবধূকে হত্যার প্রায় দুই সপ্তাহ পর হত্যার মূল নায়ক জামিরুল ইসলাম জামুকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। জামিরুল ইসলাম ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস এম মুরাদ আলী এ সকল তথ্য জানান। জমি বিক্রির অর্থ ও পারিবারিক কলহের সূত্র ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। গত ২৮ মে বামন্দী বাজারের সন্নিকটে একটি ঘর থেকে অর্ধ গলিত অবস্থায় সুন্দরী খাতুন ৪৬ নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। একই সাথে তার স্বামী রুস্তম আলীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে।
ওই ঘটনায় পরদিন গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার রহস্য উদঘাটনে ডিবির ওসি জুলফিকার আলী কে দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পাওয়ার পর ডিবি’র ওসি জুলফিকার আলী আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে জামিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেন। জামু কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শিতলাই পাড়া গ্রামের আবু আফফান এর ছেলে। সে আহত রুস্তম আলীর ভাতিজা।
আটকের পরপরই জামু সুন্দরী কে হত্যার কথা স্বীকার করে এবং মেহেরপুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানান। আগের দিন সে আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে শুক্রবার অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান কোন রকম ক্লু হীন হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর ডিবির চৌকস দল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে এবং আসামী আটক করতে সমর্থ হয়। পুলিশ সুপার জানান এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েক ব্যক্তির নাম পাওয়া গেছে তবে তদন্তের স্বার্থে সেটা আপাতত নাম প্রকাশ করা যাচ্ছে না। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, হাসিবুল আলম, ডিবির ওসি জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।