টপ নিউজ

মেহেরপুরের বারাদী বাজারে ছাগল চুরির তথ্য সংগ্রহে সাংবাদিকদের পুলিশি বাঁধা

By মেহেরপুর নিউজ

August 10, 2021

 বারাদী প্রতিনিধিঃ

মেহেরপুর সদরের বারাদী বাজারে চোরাই ছাগল বিক্রি করতে এসে জনতার হাতে ৩ জন ছাগল চোর আটক হয়েছে। মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে বারাদী বাজারের মন্ডল ট্রেডার্সের সামনে থেকে স্থানীয়রা তাদের আটক করে। চোরদের মধ্যে ছাগলসহ দুজন ইজিবাইকে আর অন্য জন মোটর সাইকেল নিয়ে এসেছিল।

ছাগল ক্রেতা সোহাগ জানায়, আমার সাথে তাদের দরদাম হয়। দরদামের এক পর্যায়ে পনের হাজার টাকা দামের ছাগল তারা নয় হাজার টাকায় বিক্রিতে রাজি হলে তখন সন্দেহ হয়। তখন স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে। পরে স্থানীয়রা তাদের মন্ডল ট্রেডার্সের ভিতরে আটকে রেখে বারাদী পুলিশ ক্যাম্পে খবর দেয়।

খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই দেবাশীষ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান । এদিকে চোর আটকের তথ্য ও ছবি সংগ্রহের জন্য দৈনিক চুয়াডাঙ্গা’র বারাদী প্রতিনিধি আরিফ হোসেন, মেহেরপুর প্রতিদিন এর প্রতিনিধি নাহিদ হাসান স্বপন ঘটনাস্থলে গেলে পুলিশ তাদের ছবি তুলতে ও তথ্য নিতে বাঁধা প্রদান করে।

সাংবাদিক পরিচয় দেয়ার পরও তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। পরে দৈনিক সময়ের সমীকরণ ও মেহেরপুর নিউজ এর বারাদী প্রতিনিধি এসআই বাবু সেখানে পৌছালে তাঁকেও ছবি তুলতে নিষেধ করা হয়। একজন কনস্টেবল তাঁকে ক্যাম্পে গিয়ে তথ্য ও ছবি নিতে বলেন। স্থানীয় কয়েকজনের সাথেও এসআই দেবাশীষ দুর্ব্যবহার করেন। সাংবাদিকদের সাথে এহেন আচরণে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক ও স্থানীয়রা।

পরে জনৈক তিন ছাগল চোরকে ছাগল, মোটরসাইকেল ও ইজিবাইকসহ ক্যাম্প হেফাজতে নেয়া হয়। তিন চোরের মধ্যে দুজনের বাড়ী আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামে ও একজনের বাড়ী মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামে বলে জানা যায়।

এবিষয়ে বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই দেবাশীষ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পন্ন মিথ্যা।