মেহেরপুর নিউজ,২১ সেপ্টেম্বর: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বিসিক শিল্পনগরী সংলগ্ম সড়কে ট্রাক চাপায় ২ যুবক মারা গেছে। নিহত মেহরাজ নতুন মদনাডা্ঙ্গা গ্রামের আব্দুল বারেকের ছেলে এবং সুজন একই গ্রামের রানার ছেলে। আহত হাসান মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মেহরাজের পিতা বারেক আলী মেহেরপুর নিউজকে বলেন, তার ছেলেসহ নতুন মদনাডাঙ্গা গ্রামের ৫ জন মেহেরপুর শহরের বিভিন্ন দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বিসিক শিল্পনগরীর সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
এতে মেহেরাজ, সুজন ও হাসান আহত হয়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মেহরাজ মারা যায়। সুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়।পরে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মারা যায়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ঘাতক ট্রাক ও চালককে খুজে বের করার চেষ্টা চলছে।