মেহেরপুর নিউজ:
মণ্ডপে মণ্ডপে পুরোদমে চলছে বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। প্রায় সব মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে। রং-তুলির আঁচড় দেওয়ার কাজও শেষ হয়ে গেছে। কোনো কোনো মণ্ডপের প্রতিমা পুরোপুরি প্রস্তুতও হয়ে গেছে। মণ্ডপ তৈরি, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজও চলছে পুরোদমে।
সোমবার মেহেরপুর শহরের কয়েকটি মণ্ডপ ঘুরে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।গত বুধবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী মঙ্গলবার দেবীর বোধন। পরদিন বুধবার দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিতপূজা হবে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত।মেহেরপুর জেলার ৩ টি উপজেলায় এবার মোট ৩৮ টি পূজা মন্ডপ তৈরি হয়েছে। এর মধ্যে মেহেরপুর শহর সহ সদর উপজেলার ১৪ টি, মুজিবনগর উপজেলার ৭টি এবং গাংনী উপজেলায় ১৭টি মণ্ডপ তৈরি হয়েছে।
মেহেরপুর শহরের শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্ডপ, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েববাড়ি পূজা মন্দির,মালোপাড়া বকুলতলা মন্দির প্রাঙ্গণে প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজার আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে।এবারে দুর্গাপূজা মন্ডপ গুলোকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। এরই মাঝে মেহেরপুরের পূজা মন্ডপ গুলোতে আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।