ডি এম মুকিদ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ আগস্ট: মেহেরপুরের মুজিবনগরে বিদ্যুৎ এর দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ভাংচুর ঘটনায় মেহেরপুর পল্লী বিদ্যুতের সেবা বিভাগের এজিএম জানে আলম বাদী হয়ে মুজিবনগর থানায় তিন জনকে আসামী করে একটি মামলা করেছে। যার মামলা নং-৫। তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলার মূল আসামীরা হলেন, মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের এরশাদ আলীর ছেলে সার্থক হোসেন, জহির হোসেনের ছেলে রোকনুল হক ও শিবপুর গ্রামের মনির হোসেন। এছাড়াও আরও অজ্ঞাত ৪০ জনকে
আসামি করা হয়েছে বলে মুজিবনগর থানা পুলিশ জানিয়েছে। এদিকে শুক্রবার মামলা প্রত্যাহারের দাবীতে মুজিবনগর এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দুর নেতৃত্বে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘন্টা মুজিবনগর বাসিকে বিদ্যুৎ সরবারহ করতে হবে। যদি আমাদের দাবী না মানা হয়, তাহলে ঈদের পরে আমরা পরবর্তি পদক্ষেপ গ্রহণ করবো। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ শোভাস বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার স্থানীয় বিক্ষুদ্ধ জনতা বিদ্যুৎ এর দাবিতে পল্লী বিদ্যুৎ অফিসে ব্যাপক ভাংচুর চালায়। এ ঘটনায় মুজিবনগর পল্লী বিদ্যুৎ অফিস থেকে তিন জনকে আসামী করে মুজিব নগর থানায় একটি মামলা করা হয়েছে। উল্লেখ্যঃ গত বৃহস্পতিবার মুজিবনগরে বিদ্যুৎ এর দাবিতে পল্লী বিদ্যুৎ অফিসে ভাংচুর চালায়। এসময় বিক্ষুদ্ধ জনতা বিদ্যুৎ অফিসের একটি মটরসাইকেল,সৌর বিদ্যুৎ,ওয়ারলেস সেট, দরজা জানালাসহ বিভিন্ন ফার্নিচার ভাংচুর করে।স্থানীয়রা জানান,গত বৃহস্পতিবার সন্ধ্যার সময় মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে স্থানীয় জনগন কয়েক দিন যাবৎ বিদ্যুৎ না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে।
মুজিবনগরে গত কয়েকদিন ধরে ১০ থেকে ১৫ ঘন্টা বিদ্যুতের লোড শেডিং হওয়ায় গ্রাহকরা বিদ্যুৎ অফিসে বার বার তাগিদ দেয়। গ্রাহকদের সেবার পরিবর্তে নানা ধরনের হয়রানী করে থাকে ।
মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল হাসান চান্দু জানান, দিনে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে। আবার যতটুকু বিদ্যুৎ থাকে সেটাও লো-ভোল্টেজের কারণে বৈদ্যুতিক চালিত যন্ত্রপাতি অকেজো হয়ে পড়েছে। মেহেরপুর পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত জিএম শাহনেওয়াজ জানান, পোড়াদহ থেকে মেহেরপুর মেইন লাইনের তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি। মামলার ব্যাপারে তিনি জানান, যেহেতু ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে তাই মামলা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশোডিং এবং লো-ভোল্ডেজ হচ্ছে।