বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের রাজনীতি ও আমার ভাবনা নিয়ে এম এ এস ইমনের মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

September 30, 2023

মেহেরপুর নিউজ:

“মেহেরপুরের রাজনীতি ও আমার ভাবনা” শীর্ষক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মেহেরপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এম এ এস ইমন। শনিবার দুপুরে মেহেরপুর শহরের লা-ভোগ রেস্টুরেন্টে তিনি এ মতবিনিময় করেন।

এম এ এস ইমন মতবিনিময়কালে তিনি বলেন, মেহেরপুরের বড় সমস্যা বেকার সমস্য। এই সমস্যা দূর করার জন্য মেহেরপুরে একটি স্থলবন্দর প্রতিষ্ঠা হওয়া দরকার। স্থলবন্দর হলে মেহেরপুরের কমপক্ষে ৫ হাজার বেকার যুবকের কর্মসংস্থান হবে। আর বেকার সমস্যার সমাধান করতে পারলে অন্যান্য যেসকল ছোট ছোট সমস্যা আছে সেগুলো সমাধান হয়ে যাবে। সে লক্ষ্যে মেহেরপুরের মানুষদের সাথে নিয়ে দীর্ঘদিন যাবৎ আমি  স্থলবন্দর আন্দোলন করেছি। সরকার বিষয়টিকে গুরত্ব দিয়ে ইতোমধ্যে গেজেট প্রকাশ করেছে। আমি আশা করেছিলাম স্থলবন্দর প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু কোন না কোন ঘাটতির কারণে সেটি এখনও প্রতিষ্ঠা পাইনি।

তিনি আরো বলেন, মেহেরপুরের মাটি উর্বর। যেখানে বছরে চারটা ফসল উৎপাদন হয়। এখানে মানুষের ভাত-কাপড়ের তেমন অভাব নেই।  এখানে শিল্পকারখানা নেই, ব্যবসা বাণিজ্যের প্রসার নেই। মেহেরপুর আরও একটি বড় সমস্যা সেটি হলো শিক্ষার মান ভালো না। এখানে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নেই। অনেকে গ্রাজুয়েট পাশ করছে কিন্তু চাকরির বাজারে গিয়ে তারা টিকতে পারছে না। আমার ইচ্ছা এ দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরত্ব দেওয়া। বেকার সমস্যার সমাধান করতে পারলে অন্যান্য যেসকল ছোট ছোট সমস্যা আছে সেগুলো সমাধান হবে।

এছাড়াও তিনি বলেন, আমি যদি সুযোগ পাই বাল্যবিয়ে, ভিক্ষুকক্তু, মুজিবনগরভিত্তিক পর্যটন নগরীসহ মাদকের নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

মতবিনিময় অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, সাবেক সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাবেক সভাপতি আলামিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম,মেহেরপুর নিউজ এর প্রধান বার্তা সম্পাদক মিজানুর রহমান মিজানসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।