বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের রুদ্র নগরে সড়কে ধান রোপন করে ব্যাতিক্রমী প্রতিবাদ

By মেহেরপুর নিউজ

September 27, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার রুদ্রনগর গ্রামের একমাত্র সড়কটি পাকাকরণের দাবিতে সড়কে ধানের চারা রোপন করে ব্যাতিক্রমধর্র্মী এক প্রতিবাদ করেছে রুদ্রনগরবাসী । আজ শুক্রবার বিকালের দিকে গ্রামের লোকজন কর্দমাক্ত সড়কের উপর ধানের চারা রোপন করে এ প্রতিকী প্রতিবাদ করেন। জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের অর্ন্তগত ভারত সীমান্ত ঘেষা গ্রাম রুদ্রনগর। মেহেরপুর শহর থেকে প্রায় ৮ কি.মি উত্তর পশ্চিমে অবস্থিত অবহেলিত জনপদ রুদ্রনগরের যাতায়াতের সহজ পথ ফতেপুর। ফতেপুর থেকে রুদ্রনগরের দুরত্ব মাত্র ৪ কি.মি. হলেও সড়কটি পাকাকরণতো দুরের কথা আজও ইট বিছানো হয়নি । ফলে রুদ্রনগর গ্রামবাসিকে মেহেরপুর শহরে যাতায়াত করতে শোলমারী তেরঘরিয়া ঘুরে প্রায় অতিরিক্ত ১২ কি.মি. পথ পাড়ি দিতে হয়। অথচ মাত্র ৪কি.মি.  সড়ক পাকাকরণ করলে গ্রামবাসীর যাতায়াতের ক্ষেত্রে অনেক  কম সময় লাগার পাশাপাশি কষ্টও লাঘব হয়। অথচ দেশ স্বাধীনের পর থেকে অদ্যবধি ওই সড়কটিতে একটি ইটও বিছানো হয়নি। সামান্য বৃষ্টি হলেও সড়কটিতে হাটু সমান কাদা জমে যায়। যার ফলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সড়কটিতে ধানের চারা রোপন করে প্রতিকী প্রতিবাদজানায়।