বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শুভরাজপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত।। মুক্তি মেলেনি ফাকের আলী’র।। ফাকের আলী এখন ইন্ডিয়ান জেলে

By মেহেরপুর নিউজ

November 03, 2012

আপডেট মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর: মেহেরপুরের সদর উপজেলার শুভরাজপুর সীমান্তের ১৩২/২ আর মেইন পিলারের কাছ থেকে বিএসএফ এর হাতে আটক ফাকের আলী নামের এক বাংলাদেশী নাগরিকের আটকের কারণ জানা ও তার মুক্তি’র লক্ষে অবশেষে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে মুক্তি মেলেনি ফাকের আলী’র। কারণ সে এখন ভারতের করিমপুর কারাগারে বন্দি। আজ শনিবার সকাল ১০ টায় সদর উপজেলার শুভরাজপুর সীমান্তের ১৩২/২ আর মেইন পিলারের পাশে বিজিবি-বিএসএফ এর সেক্টর কোমান্ডার পর্যায়ে  পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র পক্ষে নেতৃত্বদেন মেহেরপুরের কাথুলী কোম্পানী কমান্ডার জুলফিকার আলী এবং বিএসএফ এর পক্ষে ছিলেন রাউট বাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার এন কে সিংহ। ঘন্টাব্যাপী চলে এ বৈঠক। বিজিবি’র কাথুলী  কোম্পানী কমান্ডার জুলফিকার আলী মেহেরপুর নিউজের সিনিয়র রিপোর্টার আবু আক্তারকে জানান,পতাকা বৈঠক ৯ টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এক ঘন্টা পর শুরু হয়েছে। ফাকের আলীকে আটকের ব্যাপারে বিএসএফ জানিয়েছে,ফাকের আলী ভারতের সীমান্তের মধ্যে অবৈধভাবে ঢুকে পড়ার কারণে রাউট পাড়া ক্যাম্পের টহল দল তাকে আটক করেছে। মুক্তির ব্যাপারে বিএসএফ জানিয়েছেন,আটকের পরপরই তাকে করিমপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই তাকে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছেনা।তবে বিজিবি’র পক্ষ থেকে এধরনের কারণে ও অকারণে বাংলাদেশী নাগরিককে আটকের ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে। তিনি আরোও বলেন,এই ইস্যু ছাড়াও সীমান্ত সংক্রান্ত নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার বেলা ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের ইয়ারখুলু’র ছেলে পুলিশের লাইনম্যান ফাকের আলী শুভরাজপুর সীমান্তের ১৩২ নং মেইন পিলার অতিক্রম করে ভারতীয় ভূখন্ডে প্রবেশ করে। এসময় বিএসএফ এর রাউট বাড়ি ক্যাম্পের টহল সদস্যারা তাকে ধরে বিএসএফ ক্যাম্পে  নিয়ে যায়।