টপ নিউজ

মেহেরপুরের শ্যামপুরে মাইকিং করে হালখাতা

By মেহেরপুর নিউজ

June 17, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে এবার মাইকিং করে হালখাতা করা হচ্ছে ! মেসার্স বিশ্বাস ট্রেডার্সের বাকি টাকা তুলতে এমন অভিনব প্রচারণা বলে ওই ব্যবসায়ী সূত্রে জানা গেছে। হালখাতাঃ-বঙ্গাব্দ বা বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া।

বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে এদিন হিসাবের নতুন খাতা খোলেন। এ উপলক্ষে নববর্ষের দিন ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিষ্টিমুখ করান। সে মতে বাংলা নববর্ষের প্রথম দিনে অর্থাৎ পহেলা বৈশাখে বর্ষবরণের পাশাপাশি ব্যবসায়ীরা হালখাতা করে থাকতেন। কিন্তু কালের বিবর্তনে সবকিছুরই পরিবর্তন এসেছে। হালখাতার ক্ষেত্রে এসেছে বৈচিত্র্য। এখন ব্যবসায়ীরা পহেলা বৈশাখের তেমন একটা গুরুত্ব দেন না।

বছরের যেকোনো দিন যেকোনো সময় হালখাতা প্রচলন করে ফেলেছেন। কোথাও কোথাও বিচিত্র ভাবে হালখাতা করছেন। আবার কেউ কেউ বছরে ২-৩ বার হালখাতা করছেন। অর্থাৎ যেকোন ভাবেই পাওনাদারদের কাছ থেকে তাদের টাকা আদায় করতে হবে। যেমন গত কয়েক বছর পূর্বে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের জনৈক ব্যবসায়ী হালখাতার কার্ড দিয়েছিলেন পাওনাদারদের কাছে। হালখাতার কার্ড পেয়ে খুব কমসংখ্যক পাওনাদার পাওনা মিটাতে এসেছিলেন ওই ব্যবসায়ীর কাছে ।

পরে ব্যবসায়ী চিন্তাভাবনা করে পাওনাদারদের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি পৌঁছে দিয়ে টাকা আদায় করেছিলেন। কয়েক বছরের ব্যবধানে আবারো সেই শ্যামপুরে হালখাতার একটি বিচিত্র ধরন পাওয়া গেল। জানা গেছে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে মেসার্স বিশ্বাস ট্রেডার্স। যেখানে রড সিমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করে থাকেন। বাকিও পড়েছে অনেক।

সেই টাকা তুলতে ১৭ জুন বৃহস্পতিবার হালখাতার দিন ধার্য করে পাওনাদারদের বাড়ি বাড়ি গিয়ে হালখাতার কার্ড পৌঁছে দিয়েছেন। তবে বিচিত্র সংবাদ হল এই, আগের দিন ব্যবসায়ীর পক্ষ থেকে মাইকযোগে প্রচার চালানো হয়। শ্যামপুর সহ আশপাশের গ্রামের যেখানে তার পাওনাদাররা রয়েছেন সেই সমস্ত বাড়ির পাশাপাশি গিয়ে মাইক যোগে হালখাতার কথাটি স্মরণ করিয়ে ব্যাপক প্রচারণা চালান। হালখাতার কথা স্মরণ করিয়ে দিতে মাইক যোগে প্রচারের ক্ষেত্রে অনেকটা হাস্যরসে পরিণত হয়েছে।